রনির বিরুদ্ধে মামলা নিয়ে বিপাকে পুলিশ

ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিককে পেটানোর অভিযোগে আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে করা মামলা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। তদন্ত কার্যক্রম চালাতে বাধার মুখে পড়েছে তারা।
২০ জুলাই রাজধানীর পল্টনে মেহেরবা প্লাজায় নিজ কার্যালয়ের নিচে পটুয়াখালীর সাংসদ গোলাম মাওলা রনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও আলোকচিত্রী মোহসিন মুকুলকে বেধড়ক পেটান। এরপর শাহবাগ থানায় বাদী হয়ে সাংসদ রনির বিরুদ্ধে মামলা করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ নির্বাহী ইউনুস আলী।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আবু জাফর জানান, এ মামলার তদন্তে সাক্ষী পাওয়া যাচ্ছে না।
আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাদীপক্ষকে আসামিপক্ষ থেকে মামলা তুলে নিতে বলা হচ্ছে বলে আমি জানতে পেরেছি। তাই সাক্ষী হিসেবে কাউকে পাচ্ছি না।’
মামলার বাদী ইউনুস আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে তিনি কথা বলবেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মোমিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখনো তদন্ত কর্মকর্তা আমাকে রনির বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি। জিজ্ঞেস করলে তো কিছু বলতাম।’
নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাই, বড় বিপদে আছি এই মামলা নিয়ে। তাই শুধু বলব, তদন্ত চলছে।’