রনির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমতি
সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন চেয়ে প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক তালেবুর রহমান আজ মঙ্গলবার দুপুরে কমিশনে এ প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, ওই প্রতিবেদনে সাংসদ রনির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে অধিকতর সুষ্ঠু অনুসন্ধানের জন্য রনির স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ কমিশনে জমা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
দুই বছর ধরে করা এ অনুসন্ধানে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে জমা দেওয়া তথ্য থেকে রনির সম্পদের পরিমাণ কয়েক গুণ বেশি। তিনি নির্বাচন কমিশনের হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখেছে দুদক।
অনুসন্ধান চলাকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলও রনির বিরুদ্ধে কিছু ‘জ্ঞাত আয়-বহির্ভূত’ সম্পদের তথ্য দেয় দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তাকে।
এ ছাড়া রনির আয়কর ফাইল ও সম্পদ বিবরণীতেও বেশ কিছু গরমিল রয়েছে। পুরো বিষয়ে অধিকতর ও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০ জুলাই বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন রনি।