রনির মামলায় হাইকোর্টে জামিন পেলেন দুই সংবাদিক
সাংসদ গোলাম মাওলা রনির করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্টের দুই সংবাদকর্মীর তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিন পাওয়া দুই সংবাদকর্মী হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল।
আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁদের এই জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করার সময় ওই সম্প্রচারমাধ্যমের প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। আহত মহসীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
অন্যদিকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমান এবং টিভি চ্যানেলের সংশ্লিষ্ট দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেন সাংসদ গোলাম মাওলা।
দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষের করা মামলায় গত রোববার জামিন পেয়েছেন সাংসদ গোলাম মাওলা। তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রেজাউল করিম ওই সাংসদের জামিন মঞ্জুর করেন।