রনির শাস্তির দাবি করেছে গলাচিপা আওয়ামী লীগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন আর রশিদ বলেছেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারি দলের সাংসদ গোলাম মাওলা রনির ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিককে পেটানোর ঘটনাটি দুঃখজনক। এ ধরনের লজ্জাজনক ঘটনা স্থানীয় এবং সারা দেশের রাজনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। এ ঘটনায় তিনি সাংসদ রনির শাস্তির দাবি করেছেন। গত রোববার দুপুরে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা মো. হারুন আর রশিদ এ কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার দে, উপদেষ্টামণ্ডলীর সদস্য মু. শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম, মো. শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে হারুন আর রশিদ বলেন, ‘২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমরা গোলাম মাওলার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছি এবং এলাকাবাসী তাঁকে নির্বাচিত করেছেন। এখন তাঁর এ ধরনের কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীসহ দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাইছি। পাশাপাশি এ ঘটনার জন্য তাঁর শাস্তির দাবি করছি। এ ঘটনায় ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’হারুন আর রশিদ বলেন, ‘এর আগে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সাংসদ গোলাম মাওলার বিভিন্ন অপকর্মের বিষয়ে তাঁকে অবগত করেছি।’ তিনি অভিযোগ করেন, নদী দখল করে বিপণিবিতান নির্মাণের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে চারটি সাজানো মামলা করান সাংসদ গোলাম মাওলা। এ ছাড়া পটুয়াখালী জেলা সদর থেকে তথ্য সংগ্রহ করতে আসা কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিতও করে তাঁর ক্যাডাররা। এদিকে রোববার বেলা ১১টার দিকে সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের পূর্ববাজার হয়ে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়।