রনির শ্যালকের দখল থেকে জমি উদ্ধার শুরু
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির শ্যালক মো. মকবুল খান এবং অন্যদের দখলে থাকা গলাচিপা উপজেলার উলানিয়া ও পাড় ডাকুয়া মৌজার খাসজমি উদ্ধারের কাজ শুরু করেছে উপজেলা ভূমি প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উলানিয়া বন্দরের পূর্ব পাশে রণগোপালদী নদীর পশ্চিম তীরে উলানিয়া মৌজার প্রায় সাড়ে চার একর খাসজমি ২০০৯ সালে দখল করে বালু দিয়ে ভরাট করা হয়। পরে সেখানে বেশ কিছু স্থাপনাও নির্মাণ করা হয়। এ ছাড়া ২০১১ সালে একই নদীর তীরে পাড় ডাকুয়া মৌজায় প্রায় আট একর খাসজমি দখল করে ভরাট করা হয়। জমির তিন দিকে পাকা সীমানাপ্রাচীর তৈরি করে দখলকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক সাংসদ গোলাম মাওলা রনির শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খান ও কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে দখল করে বালু দিয়ে ওই জমি ভরাট করান। পরে আধা শতাংশের প্লট করে প্রতিটি এক লাখ টাকা দরে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। পরে মকবুল খান একই এলাকার পাড় ডাকুয়া মৌজার প্রায় আট একর জমি দখল করে ভরাট করান। সে সময় একটি প্রবহমান খালও বালু দিয়ে ভরাট করা হয়।