রনির সম্পদ আবার অনুসন্ধান করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ গোলাম মাওলা রনি
সাংসদ গোলাম মাওলা রনি

কারাবন্দী সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আবার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, আগের জমা দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নতুন কিছু বিষয় আরও বিস্তারিত যাচাইবাছাইয়ের প্রয়োজন রয়েছে।
গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক তালেবুর রহমান কমিশনের কাছে এ-সম্পর্কিত প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন দাখিল করেন।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, প্রায় এক বছর অনুসন্ধান শেষে জমা দেওয়া প্রতিবেদনে রনির প্রায় ১২ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এ ছাড়া রনির আয়কর রিটার্নের তথ্যেও গরমিল আছে। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় রনির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির সুপারিশও করা হয়। কিন্তু এখন নোটিশ জারি না করে রনির সম্পদ নতুন করে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।
সরকারি কাজে ঘুষ, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রনির বিরুদ্ধে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে অবৈধ সম্পদের এই অনুসন্ধান শুরু হয়। প্রথমে কমিশনের উপপরিচালক আহসান আলী অভিযোগটি অনুসন্ধান শুরু করেন। পরে প্রভাবমুক্ত অনুসন্ধান কাজের জন্য পটুয়াখালী জেলা কার্যালয় থেকে এ দায়িত্ব দুদকের প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হয়।