পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ গোলাম মাওলা রনীর জাতীয় সংসদের সদস্যপদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ গতকাল সোমবার এই কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে রনীকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়।গতকাল সকাল নয়টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার দে, আবদুল ওহাব খলিফা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম, শামসুজ্জামান প্রমুখ।স্থানীয় আওয়ামী লীগের সূত্র জানায়, গলাচিপা পৌরসভা কার্যালয়ের সামনেও গণস্বাক্ষর সংগ্রহের জন্য একটি বুথ খোলা হয়েছে। এ কর্মসূচি আগামী রোববার পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে স্বাক্ষর সংগ্রহ করা হবে।গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী এবং দলের আরও দুজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে সাংসদ গোলাম মাওলা রনী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেন, যা প্রমাণ করে তিনি দল ও সরকারের মঙ্গল চান না। বরং তিনি যুদ্ধাপরাধের বিচার ও পদ্মা সেতু নির্মাণে ‘বিরোধীদের’ সহায়তা করছেন। এ কারণে গোলাম মাওলা রনীর দলের ও জাতীয় সংসদের সদস্যপদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি সাত দিন চলবে। এ ছাড়া দুদিনের কর্মসূচির শেষ দিনে আজ মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও কার্যালয় চত্বরে সমাবেশ করা হবে।