রনীর সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে আ.লীগের কর্মসূচি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ গোলাম মাওলা রনীর দল ও জাতীয় সংসদের সদস্যপদ বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও দলের আরও দুজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে সাংসদ গোলাম মাওলা গত সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাস্যরসাত্মক মন্তব্য করেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি এর আগেও প্রধানমন্ত্রী ও দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ছাড়া এলাকায় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ডাকা সমাবেশে তাঁর নেতৃত্বে হামলা করে পণ্ড করে দেওয়া হয়েছে। তাঁর এসব কর্মকাণ্ড প্রমাণ করে, তিনি যুদ্ধাপরাধের বিচার ও পদ্মা সেতু নির্মাণে “বাধাদানকারীদের” সহায়তা করছেন। এর প্রতিবাদে গোলাম মাওলার দলীয় ও জাতীয় সংসদের সদস্যপদ বাতিলের দাবিতে আজ সোমবার গণস্বাক্ষর এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’