রপ্তানি আয়ে প্রবৃদ্ধি চার শতাংশ ছাড়িয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত গত অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৪ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশ্বমন্দার প্রভাবে সদ্য শেষ হওয়া ২০০৯-১০ অর্থবছরের বেশির ভাগ সময় রপ্তানি আয় ঋণাত্মক থাকলেও শেষ কয়েক মাসে পরিস্থিতি পাল্টে যাওয়ায় শেষ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। সারা বছর ধরে ব্যবসা মন্দার কথা বলে নানাভাবে সহানুভূতির চেষ্টা চালালেও দেশের প্রধান রপ্তানি খাত নিট পোশাক ও ওভেন পোশাকের সামগ্রিক রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ঠিকই বেড়েছে। আর এর প্রভাবেই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে। যদিও আয় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮ শতাংশ কম। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০০৯-১০ অর্থবছরের রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করেছে। এ সময়ে মোট আয় হয়েছে এক হাজার ৬২০ কোটি সাড়ে ৪৬ লাখ ডলার। লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭৬০ কোটি ডলার। সব মিলিয়ে আয়ে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ১১ শতাংশ। উল্লেখ্য, প্রতিবেশী ভারতে ২০০৯-১০ অর্থবছরে (এপ্রিল-মার্চ) রপ্তানি আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭০ শতাংশ কমে গিয়েছে। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, শুধু জুন মাসেই রপ্তানি আয় আগের বছরের জুনের তুলনায় ২১ দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ১৭২ কোটি ৩৫ লাখ ডলার। যদিও জুনে লক্ষ্যমাত্রা ছিল ১৮১ কোটি ২৮ লাখ ডলার। গত অর্থবছরে নিট পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে ৬৪৮ কোটি ৩৩ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে দশমিক ৮৪ শতাংশ বেশি। তবে এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ১৫ শতাংশ কম। আবার একই সময়ে ওভেন পোশাক রপ্তানি আয় আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৬০১ কোটি ৪৩ লাখ ডলার, যা অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শতাংশ কম। দেশের সোনালি আঁশখ্যাত পাটের হারানো গৌরব যে ফিরে আসছে, তা রপ্তানি আয়ের প্রবৃদ্ধিই প্রমাণ করছে। ২০০৯-১০ অর্থবছরের কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ আগের ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় ৭৬ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার দেশের অন্যতম রপ্তানি খাত হিমায়িত খাদ্যের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫ শতাংশ ও আগের বছরের চেয়ে ২ শতাংশেরও বেশি কমেছে। এ ছাড়া সদ্য সমাপ্ত অর্থবছরে হোম টেক্সটাইল ও টেরি টাওয়াল খাতে মোট রপ্তানি দাঁড়িয়েছে যথাক্রমে ৫৩ কোটি ৯৩ লাখ ডলার ও ১৫ কোটি ৭১ লাখ ডলার।আরেকটি গুরুত্বপূর্ণ খাত চামড়ার রপ্তানি আয় আগের বছরের চেয়ে ২৭ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। পাশাপাশি পাদুকাসামগ্রী রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ১৮ শতাংশ।