রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছানোর নতুন সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছানোর সময়সীমা শিথিল করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, যেদিন জাহাজ জেটিতে ভিড়বে, সেদিন সকাল আটটার মধ্যে কনটেইনার বন্দরে পৌঁছাতে হবে।স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নে বিজিএমইএর কনটেইনারের জন্য নতুন এই সময়সীমার কথা ঘোষণা করেছেন বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম। গতকাল রোববার বন্দর ভবনের সম্মেলন কক্ষে বিজিএমইএসহ বন্দর ব্যবহারকারীদের সঙ্গে এক সভায় এই সময়সীমার কথা জানান তিনি। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এম এ ছালাম, শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি বাস্তবায়নের জন্য জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগে রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছানোর সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা আগে পোশাকশিল্পের কনটেইনার বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে নতুন করে সময়সীমা শিথিল করা হয়েছে।