রপ্তানি কমে যাওয়ায় ঝুট ব্যবসায়ীরা বিপাকে
রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গাজীপুরের টঙ্গীতে বিপাকে পড়েছেন ঝুট ব্যবসায়ীরা। গাজীপুর শিল্প পুলিশ ও বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, টঙ্গীর ব্যবসায়ীরা তিন শতাধিক পোশাক কারখানা থেকে প্রতি মাসে কমপক্ষে সাত হাজার টন ঝুট সংগ্রহ করেন। কয়েকজন বড় ব্যবসায়ী এগুলো বিদেশে রপ্তানি করেন। রপ্তানিকারকেরা প্রতি কেজি ঝুট ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করেন। ঝুট ব্যবসার বিভিন্ন পর্যায়ে প্রায় তিন লাখ লোক জড়িত। কয়েকজন রপ্তানিকারক জানান, সিংহভাগ ঝুট চীন ও ভারতে রপ্তানি করা হয়। বর্তমানে চীন ও ভারত আমদানি কমিয়ে দেওয়ায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ঝুট গুদামে নষ্ট হচ্ছে। টঙ্গীর মিলগেট এলাকায় বড় কয়েকটি গুদামে গিয়ে দেখা গেছে, প্রতিটি গুদামে বিভিন্ন ধরনের শত শত টন ঝুট স্তূপ করে রাখা হয়েছে। অনেক দিন অবিক্রীত থাকায় এসব ঝুট নষ্ট হচ্ছে। নতুন করে আনা ঝুট গুদামঘরের বাইরে খোলা স্থানে স্তূপ করে রাখা হয়েছে। মিলগেট এলাকার ঝুট প্রক্রিয়াজাতকারী কহিনুর এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিন জানান, পোশাকশিল্পের সঙ্গে সঙ্গে ঝুট ব্যবসাও ব্যাপক প্রসার লাভ করেছে। কিন্তু এ বিষয়ে সরকারের নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এতে বিদেশি ক্রেতারা খেয়ালখুশিমতো এ দেশের ব্যবসায়ীদের ব্যবহার করেন। মাঝে মাঝে বিদেশি ক্রেতা ঝুট নেওয়ার পর মূল্য পরিশোধ করেন না। কবির এন্টারপ্রাইজের মালিক বাবুল হোসেন বলেন, রপ্তানি কমে যাওয়ায় প্রচুর ঝুট গুদামের বাইরে নষ্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় ঝুটের রং পরিবর্তন হয়। নষ্ট ঝুট বিক্রি করার সময় দামও কম পাওয়া যায়। অপর ব্যবসায়ী মো. আলাউল কবির বলেন, টঙ্গীতে ঝুটপল্লি স্থাপন করা হলে সরকার এ খাত থেকে প্রচুর টাকা আয় করতে পারবে। ঝুট ব্যবসার উন্নয়নে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএতে কর্মরত যুগ্ম সচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি শ্রম মন্ত্রণালয় এ ব্যাপারে একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।