রপ্তানি খাতকে কঠোর লকডাউনের আওতামুক্ত রাখার দাবি
সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড খোলা রাখা এবং রপ্তানি কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছে ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বেপজিয়া চেয়ারম্যান ও প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দিন রপ্তানি–সংশ্লিষ্ট সব কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেপজাকে চিঠিও দিয়েছে।
শুক্রবার তথ্যবিবরণীতে লকডাউনের ঘোষণা দেওয়া হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি সরকার। প্রজ্ঞাপন হলে কী কী লকডাউনের আওতামুক্ত থাকবে, তা জানার কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রপ্তানি আদেশ পাওয়া এবং সময়মতো রপ্তানি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন সময়ে লকডাউন কিংবা শাটডাউন ঘোষণায় ব্যবসায়ীরা শঙ্কিত। কারণ, কলকারখানা বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। এতে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে। আবার সামনে ঈদ আসছে। এতে শ্রমিকদের বেতন–বোনাসসহ ছুটির বিষয়ও রয়েছে। এ অবস্থায় লকডাউনের কারণে যাতে কোনোভাবে রপ্তানি খাত স্থবির হয়ে না পড়ে, সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।