রপ্তানি বাধা এড়াতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিমাত্রায় ব্যাংকঋণ সুদ, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হলেও তা সরবরাহে সমস্যা, অবকাঠামোগত সমস্যা, প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি না হওয়া, শিল্প পরিচালনায় মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতার অভাব, জুতসই-দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে দেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধা এড়াতে প্রয়োজন সমন্বিত জাতীয় পদক্ষেপ। তাহলেই লক্ষ্যমাত্রা অর্জন করে দেশের রপ্তানিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের মিলনায়তনে ‘রপ্তানির পথে বাধা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। তবে এ সহযোগিতা বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রথম আলো ও ক্রাউন সিমেন্টের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) মহাপরিচালক শুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন, বিকেএমইএ ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সচিব আবদুল বারিক খান, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, ক্রাউন সিমেন্টের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান মোল্লা এবং দৈনিক সমকাল-এর বাণিজ্য সম্পাদক জাকির হোসেন। আলোচনা সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শুভাশীষ বসু বলেন, রপ্তানি নিঃসন্দেহে দেশের জিডিপিতে বড় ধরনের ভূমিকা রাখছে। তবে এখন পর্যন্ত রপ্তানি পণ্য ও বাজার সীমাবদ্ধ কয়েকটি পণ্য ও দেশের মধ্যে। আন্তর্জাতিকভাবে পণ্যের অপর্যাপ্ত বিপণন, দক্ষ শ্রমিক তৈরিতে কার্যকর প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবসহ বিভিন্ন সমস্যা আছে। তাই ধীরে ধীরে এসব সমস্যা দূর করতে হবে। পণ্য ও বাজারের পরিসর বাড়াতে হবে। এ ক্ষেত্রে বিনিয়োগ একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, টাকা থাকলে এখন শিল্পকারখানা গড়ে তোলা যাচ্ছে না। ব্যাংকঋণের উচ্চ সুদ এ ক্ষেত্রে বড় বাধা। এ ছাড়া পণ্য পরিবহনে সড়কসহ বিভিন্ন খাতে অবকাঠামোগত সমস্যাও বড় ধরনের বাধার সৃষ্টি করছে। আবার বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু সরবরাহব্যবস্থার তেমন উন্নতি হয়নি। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে এখনো ৮ থেকে ১০ দিন সময় লাগে। এসব সমস্যা অতিসত্বর দূর করতে হবে। তিনি বলেন, ‘এখনো অনেক দেশের কারখানার চেয়ে আমাদের দেশের কারখানার মান অনেক ভালো। ধীরে ধীরে আমাদের দক্ষতাও বাড়ছে, প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ছে। নীতিগত সহায়তা দিলে আমরা এর চেয়ে আরও বেশি এগিয়ে যেতে পারব। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন বলেন, সংকটের সময় শিল্পকারখানা, বিশেষ করে দেশের পোশাক খাতের চরিত্র হননের চেষ্টা হয়। রপ্তানি বাড়াতে হলে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন, মানসম্পন্ন ও যৌক্তিক মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতের জন্য সমন্বিত জাতীয় পদক্ষেপ প্রয়োজন।

ক্রাউন সিমেন্টের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান মোল্লা বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এখন সিমেন্ট বিদেশেও রপ্তানি হচ্ছে। ক্রাউন সিমেন্ট পার্শ্ববর্তী ত্রিপুরা, মিয়ানমার ও নেপালে রপ্তানি হচ্ছে। সড়কপথেই এ সিমেন্ট রপ্তানি করতে হয় বলে এতে কিছুটা সমস্যা রয়েছে। যদি এক টানা পরিবহনব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে সিমেন্ট রপ্তানি আরও বাড়বে।

বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে যাঁরা দেশের চেহারাটাই পাল্টে দিচ্ছেন, তাঁদের কী দেশ গঠনে কোনো ভূমিকা নেই? অথচ তাঁদের কোনো স্বাধীনতা পদক দেওয়া হয় না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বলেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। আমরা ইতিমধ্যে পণ্য ও শিল্পের বিপণন নিয়ে কাজ শুরু করেছি। আর স্বাধীনতা পদকের যে প্রস্তাব এসেছে, তা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তা যথাযথ কর্তৃপক্ষের বিবেচনার বিষয়।’

ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মূল্য সক্ষমতার অভাব। গত বছরের তুলনায় এ বছর আন্তর্জাতিক বাজারে পরিমাণগত দিক থেকে রপ্তানি বাড়লেও পণ্যের দরপতন ঘটেছে। রপ্তানি উন্নয়নে যেসব ঋণ সহায়তা তহবিল রয়েছে, সেগুলোর সুদ হার কমিয়ে আনারও দাবি করেন তিনি।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সচিব আবদুল বারিক খান বলেন, সরকারি ও বেসরকারিভাবে পাট উৎপাদন হচ্ছে। কিন্তু সরকারি খাতগুলো যে সুযোগ-সুবিধা পায়, তা বেসরকারি খাতে নেই। অথচ দেশের পাট রপ্তানির ৮৭ ভাগ করা হয় বেসরকারি খাত থেকে। তাই পাটের রপ্তানি খাতের উন্নয়ন করতে হলে বেসরকারি খাতেও সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ঠিকই। কিন্তু এসব সুযোগ-সুবিধা বাস্তবায়ন-প্রক্রিয়ায় গিয়ে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যেমন বিদেশ থেকে কোনো রপ্তানি পণ্য ফেরত এলে কী করতে হবে, তা নিয়ে নির্দিষ্ট বিধিমালা রয়েছে, তা সত্ত্বেও এ ক্ষেত্রে আমাদের নানা হয়রানির শিকার হতে হয়।’

সমকাল-এর বাণিজ্য সম্পাদক জাকির হোসেন বলেন, রপ্তানি খাতে অভ্যন্তরীণ ও বাহ্যিক বাধা আছে। এসব বাধা দূর করতে হবে। আর রপ্তানি খাত নিয়ে গণমাধ্যম প্রচুর প্রতিবেদন করেছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো গেলে গণমাধ্যম আরও ভালো ভূমিকা রাখবে।