বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে যে জাতের আলুবীজ ব্যবহার করা হচ্ছে, তা থেকে উৎপাদিত আলু বিদেশে রপ্তানি করার উপযোগী নয়। তাই রপ্তানি বাড়াতে হলে আলুর গুণগত মান বৃদ্ধি করতে হবে। এ জন্য ভালো জাতের বীজ ব্যবহার করতে হবে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কাজলাপাথর চকে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত তিনটি জাতের আলুবীজ ব্যবহার করা হচ্ছে, এমন একটি পরীক্ষামূলক জমি পরিদর্শন শেষে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
মজীনা বলেন, ‘আমেরিকার কৃষিপ্রধান এলাকায় আমার জন্ম। তাই দীর্ঘ এক ঘণ্টা কৃষকদের সঙ্গে আলুর মাঠে ছিলাম। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে একই জাতের আলু আবাদ হয়ে আসছে, যার চাহিদা বিশ্বের বাজারে কম। তাই বিশ্বের চাহিদার দিকে লক্ষ্য রেখে নতুন জাতের আলু চাষ করতে হবে। তখন বিদেশে অধিক হারে আলু রপ্তানি হবে এবং আলু প্রক্রিয়াজাতশিল্পে বিনিয়োগ বাড়বে। যুক্তরাষ্ট্র তখন সহযোগিতা করবে।’
এর আগে মার্কিন রাষ্ট্রদূত মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী স্থান ইদ্রাকপুর দুর্গ, বাবা আদমের মসজিদ ঘুরে দেখেন। পরিদর্শনকালে ড্যান মজীনার সঙ্গে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা নাসরিন পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।