চট্টগ্রাম বন্দর দিয়ে দুটি পৃথক চালানে আয়ারল্যান্ডে রপ্তানি হওয়ার কথা প্রায় ৭২ লাখ টাকার তৈরি পোশাক। কনটেইনারে বোঝাই করার জন্য এসব পণ্য এনে রাখা হয় সাগরিকায় শফি মোটরস নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে।খবর পেয়ে শুল্ক কর্মকর্তারা কার্টন খুলে দেখেন, তৈরি পোশাকের কার্টনে পোশাকের পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ ঝুট কাপড় ও ইটের খণ্ড!কাস্টম হাউস সূত্র জানায়, গাজীপুরের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড এবং ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেডের নামের এসব পণ্য রপ্তানির প্রক্রিয়া শুরু করা হয়। তবে কনটেইনারে বোঝাই করার আগেই শুল্ক কর্মকর্তারা খবর পান, তৈরি পোশাকের আড়ালে ঝুট কাপড় রপ্তানি হচ্ছে। গত রোববার বেসরকারি ডিপো শফি মোটরসের পণ্য রাখার গুদামে যাচাই-বাছাই করে তাঁরা দেখতে পান, রপ্তানিকারকের ঘোষণা অনুযায়ী ২৩ হাজার ৯২০ পিস প্যান্ট রপ্তানি হওয়ার কথা। বাস্তবে পাওয়া গেছে ১১ হাজার ২১৬ পিস প্যান্ট। বাকি কার্টনগুলোতে রয়েছে ঝুট কাপড় ও ইট। কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসান বলেন, শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে পণ্য তৈরি ও রপ্তানি করার কথা। কিন্তু রপ্তানিকারক শুল্কমুক্ত সুবিধা নেওয়ার জন্য পণ্যের বদলে ঝুট কাপড় রপ্তানি করতে চেয়েছে। বিষয়টি ধরা পড়ায় এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।