রপ্তানিমুখী কারখানায় আগুন ১১ লাখ টাকার চারকল ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বুধবার ভোরে রপ্তানিমুখী একটি কারখানায় আগুন লেগে ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস বলছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের দাবি, এটি স্থানীয় একটি মহলের নাশকতা।
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর এলাকায় অবস্থিত এ কারখানার নাম ‘বাংলাদেশ চারকল লিঃ’। এখানে পাটখড়ি থেকে বিশেষ ধরনের চারকল উৎপাদন করা হয়, যা চীনে রপ্তানি হয়।
কারখানার তত্ত্বাবধায়ক রকিবুল ইসলাম বলেন, গতকাল ভোর চারটার দিকে কারখানায় থাকা নৈশপ্রহরী রফিকুল ইসলাম আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। তখন আমরা ঘুম থেকে উঠে দেখি, কারখানার ভেতরে রাখা উৎপাদিত চারকলভর্তি বস্তার স্তূপে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকেরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় রাজবাড়ী ফায়ার সার্ভিসকে। সোয়া পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।’ কারখানা কর্তৃপক্ষ জানায়, ওই স্তূপে অন্তত ১ হাজার ৮০০ বস্তা ছিল। প্রতি বস্তায় ছিল সাড়ে ১২ কেজি করে চারকল।
কর্মকর্তা রকিবুল ইসলাম বলছেন, কেউ আগুন ধরিয়ে না দিলে চারকলের স্তূপে এভাবে হঠাৎ আগুন লাগার কথা নয়। তিনি বলেন, এখানে কারখানা করার পর থেকে স্থানীয় একটি কুচক্রী মহল নানা ধরনের বাধা সৃষ্টি করে আসছে। ওই চক্রের সদস্যরাই এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে। আগুনে স্তূপে থাকা ১ হাজার ৮০০ বস্তা পাউডারের বেশির ভাগ বস্তাই পুড়ে গেছে। এতে অন্তত ১১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ইউনিটপ্রধান মাজহারুল ইসলাম বলেন, ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।