রপ্তানিযোগ্য আম লক্ষণভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আমপ্রেমীদের পছন্দের তালিকায় চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, ফজলির মতো আমের অবস্থান ওপরের দিকে। লক্ষণভোগ বা লখনার স্থান থাকে নিচের দিকেই। তবে আম গবেষকদের মতে, হালকা মিষ্টি ও অন্যান্য আকর্ষণীয় গুণাবলির কারণে বিদেশিদের পছন্দের শীর্ষে আছে লক্ষণভোগ।
চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীনের মতে, মিষ্টতায় পিছিয়ে থাকলেও অন্যান্য গুণে এগিয়ে আছে লক্ষণভোগ। যেমন আকর্ষণীয় রং ও মনমাতানো মিষ্টি গন্ধ। লালচে হলুদ রঙের এ আমের খোসাও খুব মসৃণ। আঁশহীন শাঁসও আকর্ষণীয় হলুদ রঙের। আঁটি পাতলা। ৭৫ ভাগ অংশই ভক্ষণযোগ্য।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম কামরুজ্জামান বলেন, আমটির সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে এর সংরক্ষণ ক্ষমতা। গাছ থেকে পাড়ার পর ১২ থেকে ১৫ দিন পর্যন্ত সহজেই এ আম রাখা যায়। এসব গুণাবলির কারণেই লক্ষণভোগকে রপ্তানিযোগ্য ফল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আমবিজ্ঞানী শরফ উদ্দীন বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় বেশি পাওয়া যায় লক্ষণভোগ। রপ্তানিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের পৃষ্ঠপোষকতা পেলে এ আম চাষের প্রসার ঘটানো ও এ আম রপ্তানি করে দেশে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।