রপ্তানির চালভর্তি প্রথম জাহাজ বন্দর ছেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে সাড়ে ১২ হাজার টন রপ্তানি চালবোঝাই জাহাজ এমভি বাংলার কাকলি। গতকাল শনিবার দুপুরে বন্দরের ৪ নম্বর জেটি ছেড়ে যায় জাহাজটি।
কনটেইনারে করে সুগন্ধি চাল রপ্তানি হলেও জাহাজভর্তি সিদ্ধ চাল রপ্তানি এই প্রথম। চুক্তি অনুযায়ী এই চালের টনপ্রতি রপ্তানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। এ হিসাবে প্রথম চালানে প্রায় ৫৬ লাখ ডলার মূল্যের চাল রপ্তানি হলো।
জাহাজ বন্দর জেটি ছেড়ে যাওয়ার আগে খাদ্য বিভাগের মহাপরিচালক সারোয়ার খান সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ২৫ হাজার টন চাল রপ্তানির চুক্তি অনুযায়ী প্রথম চালান আজ যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে যাবে আরও সাড়ে ১২ হাজার টন।
সারোয়ার খান জানান, বাংলাদেশ থেকে ৩০-৪০ হাজার টন চাল আমদানি করতে চায় ভারত। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের জন্য এ চাল আমদানির প্রস্তাব দিয়েছে দেশটি। বিষয়টি চূড়ান্ত করতে ভারত একটি প্রতিনিধিদল পাঠানোর কথা।
চাল রপ্তানির ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু হয়েছে। ফলে কোনো প্রভাব পড়বে না।
সারোয়ার খান জানান, দেশের সামগ্রিক খাদ্য চাহিদা বিবেচনায় চাল মজুত রাখার নিরাপদ স্তর হলো ৯ থেকে ১০ লাখ টন। গত চার-পাঁচ বছর ধরে নিরাপদ স্তরের চেয়ে বাড়তি চার লাখ টন চালের মজুত সরকারের হাতে রয়েছে। এ মুহূর্তে আরও ৭৫ হাজার টন চাল রপ্তানি করা যাবে বলে তিনি জানান।
সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বন্দর জেটিতে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) তফাজ্জল হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আবদুল আজিজ মোল্লা, খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জহিরুল ইসলাম।