রপ্তানির শর্ত ভেঙে বিক্রির চেষ্টা, ৯৯০টি পাখা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবরশাহ মাজার এলাকা থেকে গতকাল রোববার কাভার্ড ভ্যানবোঝাই ৯৯০টি বৈদ্যুতিক পাখা (ফ্যান) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। শর্ত ভেঙে খোলাবাজারে বিক্রি করায় এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের পটিয়ায় গোল্ডেন সান লিমিটেড নামের একটি কারখানা শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক পাখার সরঞ্জাম আমদানি করেছিল। এসব সরঞ্জাম দিয়ে তৈরি করা ফ্যান রপ্তানি করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু তা না করেই ৯৯০টি বৈদ্যুতিক পাখা খোলাবাজারে বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। তিনি বলেন, রপ্তানি না করে খোলাবাজারে বিক্রির কারণে প্রতিষ্ঠানটি আমদানি পর্যায়ে শুল্ক ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়েছে।
এর আগে একই প্রতিষ্ঠানের দুটি পৃথক চালান জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গত ২০ মার্চ হালিশহরের নয়াবাজার এলাকা থেকে দুটি কাভার্ড ভ্যানবোঝাই ১ হাজার ৩৬৮টি বৈদ্যুতিক পাখা জব্দ করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এর আগে গত বছরের ১৬ নভেম্বর নগরের বারিক বিল্ডিং মোড়ে একই প্রতিষ্ঠানের ৯৬৩টি বৈদ্যুতিক পাখা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দারা বলেন, গতকাল জব্দ করা বৈদ্যুতিক পাখা কুষ্টিয়ার আল কিয়াম এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়েছিল। কাভার্ড ভ্যানের চালক অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে লিখিত স্বীকারোক্তিতে জানান, এসব বৈদ্যুতিক পাখা পটিয়ায় গোল্ডেন সান লিমিটেড থেকে বের করা হয়েছিল।
বাংলাদেশ ও তাইওয়ানের যৌথ বিনিয়োগে এ কারখানাটি স্থাপন করা হয়। এটি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান।