রফিউর রাব্বি কারাগারে
চেক প্রত্যাখ্যাত হওয়ার একটি মামলায় নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক রফিউর রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরীর আদালতে আত্মসমর্পণের পর আদালত এ আদেশ দেন।
জেলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম বলেন, গত বছরের জুনে চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় রফিউর রাব্বির এক বছরের জেল এবং ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। এই সাজার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছিলেন। গতকাল রফিউর রাব্বি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে রফিউর রাব্বিকে বেলা সাড়ে তিনটার দিকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী জালাল উদ্দিন আহম্মেদের পক্ষের আইনজীবী মাসুদুর রউফ বলেন, জমিসংক্রান্ত বিষয়ে রফিউর রাব্বি ২০১২ সালের ফেব্রুয়ারিতে মামলার বাদী ব্যবসায়ী জালাল উদ্দিনকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃথক দুটি চেকে ৭০ লাখ টাকা প্রদান করেন। পরবর্তী সময়ে ওই চেক দুটি ব্যাংকে প্রত্যাখ্যাত হলে বাদী রফিউর রাব্বিকে উকিল নোটিশ পাঠান। এরপরও টাকা না পেয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন বাদী। মামলাটি পরে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
রফিউর রাব্বির আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’