রফিউর রাব্বির এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ লাখ টাকার চেক প্রত্যাখ্যাতের মামলায় তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম।
রফিউর রাব্বির বিরুদ্ধে দায়ের করা মামলাটির বাদী ব্যবসায়ী জালাল উদ্দিন আহম্মেদ। তিনি সাংসদ শামীম ওসমানের আপন মামা শ্বশুর।
রায় দেওয়ার সময় রফিউর রাব্বি অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী মাহবুবুর রহমান মাসুম ও আওলাদ হোসেন রায়ে ‘সংক্ষুব্ধ’ জানিয়ে বলেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
আদালত ২ কোটি ১০ লাখ টাকা জরিমানার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা বাদীকে এবং ৭০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মাসুদ-উর রউফ সাংবাদিকদের বলেন, ২০১২ সালে রফিউর রাব্বি ব্যক্তিগত ঋণের বিপরীতে ব্যবসায়ী জালাল উদ্দিন আহম্মেদকে দুটি চেকে ৭০ লাখ টাকা দেন। রাব্বির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে বাদী রাব্বিকে উকিল নোটিশ দিয়েও টাকা না পেয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলাটি পরে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
রফিউর রাব্বির পক্ষের আইনজীবীরা বলেন, ব্যবসায়িক অংশীদার শামীম কাদরি রাব্বির কাছ থেকে ৩০ শতাংশ জমি কিনেছিলেন। জালাল আহম্মেদ ওই জমিটি শামীম কাদরীর কাছ থেকে কেনেন। জালাল নামজারি করতে গেলে জনৈক দলিল উদ্দিন নামজারি বাতিল চেয়ে মিস কেস করেন। এতে নামজারি বাতিল হয়ে যায়। পরে সিদ্ধান্ত হয়, জমি রাব্বিকে ফেরত দেওয়া হবে এবং তিনি ৭০ লাখ টাকা দেবেন।