রফিউর রাব্বির নিরাপত্তায় পুলিশ
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া হয়েছে৷ গত সোমবার থেকে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল তাঁর বাড়ির নিচে পালাক্রমে দায়িত্ব পালন করছেন৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ রফিউর রাব্বি বলেন, ‘নিরাপত্তার জন্য আমি কারও কাছে কোনো আবেদন করিনি৷ কিন্তু হঠাৎ করেই আমার বাড়িতে এসে পুলিশ সদস্যরা হাজির হন৷ এর পর থেকে তাঁদের কয়েকজন আমাকে সার্বক্ষণিক প্রহরায় রেখেছেন৷ তা ছাড়া আমি কোথাও গেলে আমার গাড়িতে ডিএসবির (পুলিশের বিশেষ শাখা) একজন সদস্য থাকেন৷’
কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ফোনালাপ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ ওই দিনই শামীম ওসমান সংবাদ সম্মেলন করে রফিউর রাব্বিকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি দাবি জানান৷
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত রফিউর রাব্বিসহ ১৩ জন মনোনয়নপত্র কিনেছেন৷