রফিউর রাব্বির বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের করা মামলায় নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে।

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) হুমায়ুন কবিরের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। রফিউর রাব্বির আইনজীবী সময় বাড়ানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

রফিউর রাব্বির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, প্রদীপ ঘোষ ও জিয়াউল ইসলাম। মামলার বাদী হেফাজতে ইসলামের জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন সুলতানুল আরেফিন।

মাহবুবুর রহমান বলেন, ‘হেফাজতে ইসলামের মামলায় রফিউর রাব্বির বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু রফিউর রাব্বি তাঁর বিরুদ্ধে ২৯৮ ধারায় হেফাজতে ইসলামের দায়ের করা মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন। উচ্চ আদালতে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা আদালতে বলেছি, উচ্চ আদালতে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। এরপর সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন আদালত।’

সুলতানুল আরেফিন বলেন, রফিউর রাব্বির পক্ষে আইনজীবী সময় প্রার্থনার আবেদন জানালে শুনানি শেষে আদালত অভিযোগ গঠন পিছিয়েছেন।

জানতে চাইলে রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমানের নির্দেশে হেফাজত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে আমাদের বিরত রাখতেই তিনি একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলেছেন। কিন্তু এসব মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জে সন্ত্রাস, হত্যা-খুন, চাঁদাবাজি ও দুর্বৃত্তদের যে দুঃশাসন চলছে, তার প্রতিবাদ থেকে আমাদের বিরত রাখা যাবে না। ত্বকীসহ চঞ্চল, আশিক সকল হত্যার বিচার চাই আমরা।’

১৯ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে ফৌজদারি কার্যবিধির ২৯৮ ধারায় ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান আদালতে মামলা করেন।

আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে গত ৭ মে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। সুস্পষ্ট কোনো বক্তব্য ছাড়া প্রতিবেদন দাখিল করলে আদালত তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে গত ১৪ মে পুনরায় শুনানির তারিখ ধার্য করেন। ১৪ মে শুনানি শেষে আদালত ২৫ মে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হওয়ার জন্য রফিউর রাব্বির প্রতি সমন জারি করেন। ওই দিন রফিউর রাব্বি আদালতে হাজির হয়ে জামিন নেন।