রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (ক অঞ্চল) অশোক কুমার দত্তের আদালতে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান এই মামলা করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ৭ এপ্রিল নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানে রফিউর রাব্বি বক্তব্য দেন। এ সময় তিনি ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা বলেন। এই বক্তব্যের মধ্য দিয়ে রফিউর শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
জানতে চাইলে রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ওই দিন অনুষ্ঠানে আমি অনেক কথার মধ্যে বলেছি, সরকার হেফাজতের ২৯টি দাবি মেনে শিক্ষায় যে পরিবর্তনটা আনল, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং একটা সাম্প্রদায়িক দেশে রূপান্তর হতে যাচ্ছে আমাদের এই দেশ। আমার বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে এই মামলা করা হয়েছে।’
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৭ মে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।