রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিউর রাব্বি
রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের কাজে যুক্ত দায়িত্বশীল এক নির্বাচনী কর্মকর্তা আজ রোববার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাছাইপ্রক্রিয়া শেষ হওয়ার আগে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে ঘোষণা দেওয়ার বিধান নেই। এ কারণে নাম প্রকাশ না করে ওই নির্বাচনী কর্মকর্তা বলেন, ‘ব্যাংক ঋণখেলাপির অভিযোগে রফিউর রাব্বির মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। বাছাইয়ের কার্যক্রম শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। ওই দিন আটজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। আগামী ২৬ জুন এই আসনে ভোট হবে।

মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন এই আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু হামিদুর রেজা খান ভাষানী, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার ও দলটির গাজীপুর জেলার সভাপতি ইকবাল সিদ্দিকী এবং মামুন সিরাজুল মজিদ।