নারায়ণগঞ্জ জেলা যুবলীগ থেকে সদ্য সাময়িক বহিষ্কৃত জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙারু পারভেজকে গণপিটুনির ঘটনায় রফিউর রাব্বিসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে সুজন গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের (ক অঞ্চল) আদালতে মামলা করেন।আদালত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।রফিউর রাব্বি তাঁর ছেলে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামীম ওসমানসহ যে সাতজনের নামের তালিকা পুলিশ সুপারের কাছে দিয়েছেন তাতে ক্যাঙারু পারভেজ ও মিজানুরের নামও রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেঞ্চদ, জেলা সিপিবি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও ছাত্রলীগের নেতা আবু সুফিয়ান।মামলার আরজিতে মিজানুর উল্লেখ করেন, গত রোববার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে ও ক্যাঙারু পারভেজকে ডেকে ভেতরে নেন কৃষক লীগের নেতা রোকন উদ্দিন আহমেদ। অন্য সাত আসামি পারভেজকে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। মামলার ব্যাপারে আসামি হাফিজুল ইসলাম বলেন, ‘ত্বকীকে খুনের অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিকে দিয়ে ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করানো হয়েছে। আমরা আইনগতভাবেই মামলা মোকাবিলা করব। গডফাদার, প্রশাসনের রক্তচক্ষু ও হুমকি চলমান গণআন্দোলনকে দমাতে পারবে না।’