রফিউরের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ
নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির ওপর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। গত শুক্রবার রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন৷ কিন্তু অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেনি পুলিশ৷
শুক্রবার সন্ধ্যায় শহরের চারারগোপ এলাকায় ত্বকী মঞ্চের পক্ষ থেকে ত্বকীর সব খুনিকে গ্রেপ্তারের দাবিতে প্রচারপত্র বিতরণকালে জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে৷ হামলায় তিনি ছাড়াও মঞ্চের আরও অন্তত নয়জন নেতা-কর্মী আহত হন৷
রফিউর রাব্বি লিখিত অভিযোগে মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আকরাম আলী, জেলা যুব সংহতির আহ্বায়ক রাজা হোসেন রাজা ও হোসিয়ারি শ্রমিক নেতা স্বপনের নাম উল্লেখ করেন৷ এ ছাড়া হামলার সময় কবি ও গীতিকার আরিফুজ্জামান বুলবুলের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়৷ ওই হামলায় রফিউর রাব্বির সঙ্গে থাকা সাত-আটজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও দাবি করা হয়৷