রফিউরের বক্তব্যের সময় টোয়েন্টিফোরের প্রচার বন্ধ
নারায়ণগঞ্জে নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বক্তব্য সরাসরি প্রচারের সময় গত শনিবার রাতে নগরে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। গতকাল রোববার সকালে অনুষ্ঠানটি পুনঃপ্রচারের সময়ও নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল। শনিবার রাত ১২টায় চ্যানেল টোয়েন্টিফোরের সরাসরি সম্প্রচারের ‘মধ্যরাতে মুক্তবাক’ অনুষ্ঠান শুরু হয়। চ্যানেলটির ঢাকার স্টুডিওতে ছিলেন রফিউর রাব্বি, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হুসাইন। মাহমুদুর রহমান মান্নার উপস্থাপনায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে স্কাইপির (ইন্টারনেটের মাধ্যমে বিনা খরচে কথা বলা ও দেখার সফটওয়্যার) মাধ্যমে অংশ নেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। টেলিফোনে বক্তব্য দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ শহর, পাশের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে চ্যানেল টোয়েন্টিফোরের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে টেলিফোন করে জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) জেলা সভাপতি হাফিজুল ইসলাম। তবে শহরের দেওভোগ এলাকায় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসাসহ আশপাশের মহল্লায় অনুষ্ঠানটি দেখা যাচ্ছিল। মেয়র অনুষ্ঠানে বলেন, অনুষ্ঠানটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে রফিউর রাব্বি তাঁর ছেলে তানভীর মুহামঞ্চদ ত্বকীর হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, ২০১০ সালে নারায়ণগঞ্জের পরিবহন মালিকেরা র্যাবের কাছে লেখা আবেদনপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন প্রতি মাসে শামীম ওসমান ও তাঁর ভাই নাসিম ওসমান কীভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।রফিউর রাব্বি অভিযোগ করেন, ‘বাসভাড়া নিয়ে আন্দোলন করা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আইভীর পক্ষে কাজ করায় শামীম ওসমান ও তার পরিবার ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার মেধাবী ছেলে তানভীরকে খুন করেছে। ৮ মার্চ তানভীরের লাশ উদ্ধারের পর ১৬ দিন অতিবাহিত হলেও এ মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।’যেভাবে বন্ধ করা হয় সম্প্রচার: নারায়ণগঞ্জে স্যাটেলাইট কেব্ল ব্যবসা পরিচালনা করেন কয়েকজন অপারেটর। এ কেব্ল নেটওয়ার্কগুলোর নিয়ন্ত্রণকক্ষ একটি। এ কক্ষ থেকে যেকোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণকক্ষটির অবস্থান শহরের পাইকপাড়ার আমিনা মঞ্জিলে। ওই কক্ষটি এসবি স্যাটেলাইট কেবলের মালিক আবদুল করিম ওরফে বাবুর নিয়ন্ত্রণে রয়েছে। আবদুল করিম ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাই কোনো টেলিভিশনের কোনো সংবাদ, কোনো অনুষ্ঠান ওই পরিবারের বিপক্ষে যেতে পারে—এমন আভাস পাওয়ামাত্রই সেই টেলিভিশনের সম্প্রচার নারায়ণগঞ্জে বন্ধ করা হয় বা সম্প্রচারে বিঘ্ন ঘটানো হয়।এ ব্যাপারে যোগাযোগ করলে আবদুল করিম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।পেছনে ফেরা: এর আগে ২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় এটিএন নিউজ ও দেশ টিভির সম্প্রচার বেশ কিছুদিন নারায়ণগঞ্জে বন্ধ রাখা হয়েছিল। ওই বছরের জুন মাসে বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাংসদ সারাহ বেগম কবরীকে শামীম ওসমানের লাঞ্ছিত করার দৃশ্য সংবাদে প্রচারের সময় নারায়ণগঞ্জে বিঘ্ন ঘটানো হয়। ওই দিন নারায়ণগঞ্জবাসী বিভিন্ন টেলিভিশনের সংবাদ দেখতে পেলেও সাংসদ কবরীকে লাঞ্ছিত করার খবরের অংশটুকু দেখতে পাননি।