রফিক আজাদ ছিলেন, আছেন, থাকবেন
কেন্দ্রীয় শহীদ মিনারে কবি, মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানে বিশিষ্টজনেরা বলেছেন, রফিক আজাদ ছিলেন, আছেন, থাকবেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সবার শ্রদ্ধা নিবেদনে রফিক আজাদের মরদেহ আজ সোমবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। তাঁকে সেখানে দুপুর সোয়া ১২টা পর্যন্ত রাখা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে রফিক আজাদকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবির প্রতি শ্রদ্ধা জানান। এসব ব্যক্তির মধ্যে ছিলেন কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী প্রমুখ।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানাতে এসে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, রফিক আজাদ ছিলেন, আছেন, থাকবেন।
লেখক সৈয়দ শামসুল হক বলেন, রফিক আজাদের এই যাওয়া চলে যাওয়া নয়। অমরত্বের জগতে তাঁকে স্বাগতম। তিনি তাঁর সৃষ্টিতে বেঁচে থাকবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রফিক আজাদকে তাঁর একসময়ের কর্মস্থল বাংলা একাডেমিতে নিয়ে যাওয়ার কথা। একাডেমির নজরুল মঞ্চে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কবির জানাজা হবে। এরপর তাঁকে কিছুক্ষণের জন্য ধানমন্ডির বাসভবনে নেওয়া হবে। পরে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
৫৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন রফিক আজাদ।
আরও পড়ুন..