রফিক-উল হককে দায়িত্বশীল কথা বলার আহ্বান কামরুলের
প্রবীণ আইনজীবী রফিক-উল হককে দায়িত্বশীল কথা বলার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় কামরুল ইসলাম এই আহ্বান জানান।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ইলিয়াসকে অপহরণ করা হয়েছে। কোনো ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া এ কথা কেউ বলতে পারেন না।’কামরুল অভিযোগ করেন, ‘বিএনপির নেতা ইলিয়াস আলীকে বলির পাঠা বানানো হচ্ছে। তাঁর নিখোঁজের ঘটনাকে ইস্যু করে বিরোধী দল দেশে নৈরাজ্য ও গণতন্ত্রকে হত্যা করতে চাইছে।’‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র বিজয় ও সরকারের সাফল্য’ শীর্ষক আলোচনার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, ‘রাজনৈতিক, ব্যবসায়িক ও পারিবারিক যেকোনো কারণেই ইলিয়াসকে অপহরণ করা হতে পারে। বিএনপির উচিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করা, যাতে করে ইলিয়াস আলীকে আল্লাহর রহমতে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে আনা যায়।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী স ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) সাইফুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম প্রমুখ।