চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগে চলছে ‘শক্তির মহড়া’র রাজনীতি। সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও গত সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের সমর্থকেরা পৃথক পৃথক সভা, সমাবেশ ও অনুষ্ঠানের আয়োজন করে নিজেদের ‘শক্তিমত্তা’ জাহির করছেন।রফিকুল আনোয়ারের একাধিক সমর্থক জানান, গত বছরের ৩০ মে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ফটিকছড়ি সফরে আসেন। তাঁর সফরকে কেন্দ্র করেই মূলত দ্বিধাবিভক্তির শুরু। সে সময় এ টি এম পেয়ারুল ইসলামের সমর্থকেরা মোটরসাইকেল বহর নিয়ে মহড়া দেন। একই বছরের ২৫ জুন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে রফিকুল আনোয়ারের সমর্থকেরা বিশাল সংবর্ধনার আয়োজন করেন। এভাবে কোন্দল ক্রমেই প্রকাশ্যে রূপ নেয়।গত এক বছরে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার মিছিল-পাল্টামিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া, সভা-পাল্টাসভা হয়েছে। সংঘর্ষও হয়েছে কয়েক দফা। গত বছরের ২৭ জুলাই উপজেলার আজাদী বাজারের সোনারগাঁও হোটেলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। বিরোধ মেটাতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন তাঁর বাসায় বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। অবশ্য মোশাররফ হোসেন তখন এ সমস্যাকে বিভক্তি নয়, মতভেদ বলে মন্তব্য করেছিলেন।গত কয়েক মাস রফিকুল আনোয়ার অসুস্থ ছিলেন। তখন রাজনীতির মাঠ ছিল পেয়ারুল ইসলামের সমর্থকদের দখলে। সুস্থ হয়ে রফিক আবারও সক্রিয় হন। গত দুই মাসে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সভা-সেমিনারে নিজের উপস্থিতি জানান দেন তিনি। ৭ সেপ্টেম্বর রফিক সমর্থিত নেতা-কর্মীরা নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় পরস্পরবিরোধী বক্তব্য দেন। পেয়ারুলের আহ্বানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৯ সেপ্টেম্বর আজাদী বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে আসার পথে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিন কর্মী আহত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক এস এম সোলাইমান বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা বিভক্ত হলেও তাঁদের উভয়ের (পেয়ারুল-রফিক) বিবদমান সমস্যা কমেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হচ্ছে। তখন দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করা হবে।সাবেক সাংসদ রফিকুল আনোয়ার বলেন, ‘আমি ফটিকছড়ি উপজেলার মাটি ও মানুষের বন্ধু। তাদের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছি। ফটিকছড়ির মানুষ আমার অতি আপনজন। দলীয় কিছু লোক আমার ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ বিভক্তি সম্পর্কে তিনি বলেন, ‘কারও সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু দলে বিভক্তি নেই।’এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘কেউ কেউ আমার বিরুদ্ধে সভা-সমাবেশ, চা-চক্রে বিরুদ্ধাচরণ করছেন। তাঁরা অতীতে যেমন বিরোধিতা করেছেন, তেমনি এখনো করছেন, ভবিষ্যতেও করবেন।’ বিভক্তি সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়, নতুনদের স্থান না দিলে জনগণই বলাবলি শুরু করবে। এটি বিভক্তি হবে কেন?’