রফিকুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত সাংসদ ও আওয়ামী লীগের নেতা রফিকুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের ভাই ফকরুল আনোয়ার দুপুরে গ্রামের বাড়িতে মেজবানের আয়োজন করেন। আর মেয়ে খাদিজাতুল আনোয়ার বিকেলে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে করেছেন বাবার স্মরণে আলোচনা সভা।
সূত্রমতে, রফিকুল আনোয়ার বরাবরই ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরের দিন মেজবান আয়োজন করেন। প্রথম মৃত্যুবার্ষিকীতেও পরিবারের পক্ষে ছিল মেজবান। এতে জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছিলেন।
জানতে চাইলে ফকরুল আনোয়ার বলেন, ‘আমি মেজবান বিষয়ে সনি এবং তার মাকে বারবার ফোন করেছি, কেউ ফোন ধরেননি। আজ (শনিবার) দেখলাম, তারা কেউ এতে অংশ নেননি। ’
খাদিজাতুল আনোয়ার গতকাল শনিবার বিকেলে বলেন, ‘আমরা কেউ দাওয়াত পাইনি, চাচা ফোনও করেননি। আমার পরিবারের উদ্যোগে নগরে স্মরণসভা চলছে।’
এদিকে, গ্রামের বাড়ি উপজেলার ঢালকাটায় মেজবানে দলের উত্তর জেলা শাখার সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নগরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ এতে সভাপতিত্ব করেন।
বয়লার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বয়লার বিস্ফোরণে আহত জব্বার ফকির (৬০) গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বয়লার বিস্ফোরণে গত সোমবার জব্বার ফকির (৬০) ও জাহাঙ্গীর (৩২) নামের দুই শ্রমিক দগ্ধ হন। জাহাঙ্গীরের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার সাহাপুরে ধান সিদ্ধ করার সময় বয়লারটি বিস্ফোরিত হয়। এ সময় বয়লারে থাকা গরম পানিতে তাঁদের শরীর দগ্ধ হয়। ওই দিনই তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আয়নাল হক তালুকদার বিস্ফোরিত বয়লার চাতালের মালিক। নির্মাণত্রুটির কারণে সেটির বিস্ফোরণ ঘটেছে বলে শ্রমিকদের অভিযোগ।