রফিকুল আবার গান গাইবেন
‘খঞ্জনি আর মন্দিরার জন্য অনেক কানচি (কেঁদেছি)। আর হেই যন্ত্রসহ অনেক জিনিস মানুষে আমরারে দিছে। তাঁদের লাইগ্যা দোয়া করি।’
প্রথম আলোর পাঠকদের টাকায় কেনা খঞ্জনি আর মন্দিরা ছাড়াও বিভিন্ন সামগ্রী পেয়ে গতকাল মঙ্গলবার এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেন দৃষ্টিপ্রতিবন্ধী পথশিল্পী রফিকুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটোয়ানওয়াপাড়া গ্রামে।
রফিকুল খঞ্জনি আর মন্দিরা বাজিয়ে গান করে জীবিকা নির্বাহ করতেন। গত বুধবার রাতে তাঁর সেই শেষ সম্বল চুরি হয়ে যায়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এই পর্যন্ত পাঠকেরা ২২ হাজারেরও বেশি টাকা পাঠিয়েছেন। এ ছাড়া ‘আবুল বারকাত পিস অ্যান্ড প্রগ্রেস ফাউন্ডেশন’ রফিকুলের জন্য মন্দিরা, খঞ্জনি, একতারা এবং তাঁর স্ত্রীর জন্য দুটি চাদর ও পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন। সেই সঙ্গে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া শাখার উদ্যোগে রফিকুলকে দেওয়া হয় একটি খঞ্জনি ও এক সেট মন্দিরা।