রফিকুল, আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদেশ দেন।
এ মামলায় গত ১৪ মে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীসহ ৩৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে ৩৩ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় রিজভীসহ তিনজন কারাগারে আটক আছেন।
গতকাল এ মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় বা আত্মসমর্পণ না করায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
গত ২৫ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে মিরপুর মডেল থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এ মামলা করা হয়।