নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগগত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহসহ ২৭ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
পল্টন থানার এসআই মিজানুর রহমান গতকাল বিস্ফোরক আইন ও দণ্ডবিধির দুই ধারায় এ মামলায় পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর আগে আরও দুটি মামলায় রফিকুল ইসলাম মিয়াসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই দুই মামলায় ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে নাম থাকা বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ। অভিযোগপত্রভুক্ত পলাতক উল্লেখযোগ্য বিএনপি নেতারা হলেন রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লা, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।