রফিকুল হত্যায় শাশুড়ি জড়িত: র্যাব
কুষ্টিয়ায় খুন হওয়া ঢাকা মহানগর বিএনপির নেতা রফিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর শাশুড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, রফিকুল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাঁর শাশুড়ি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আজ বুধবার ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এ কথা জানান।
র্যাবের ভাষ্যমতে, রফিকুল ইসলামের শাশুড়ি লিপি আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। লিপির কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব দাবি করে, প্রথম স্ত্রী রিনা খাতুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তাঁর (লিপি) ছোট মেয়ে আয়েশা সিদ্দিকা ওরফে ঝরাকে বিয়ে করেন রফিকুল। এটা বছর পাঁচেক আগের ঘটনা। এরপর রফিকুল শাশুড়ি লিপির দিকে নজর দেন। অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শাশুড়ি বাধা দিলে রফিকুল মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এভাবে রফিকুলের সঙ্গে লিপির পাঁচ বছর সম্পর্ক চলতে থাকে।
র্যাবের ভাষ্যমতে, লিপি আক্তার তাদের বলেছেন, রফিকুল একপর্যায়ে লিপির আরেক মেয়ে স্নিগ্ধার সঙ্গেও জোর করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ থেকে তিনি রফিকুলকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য তিনি দুই লাখ টাকা দিয়ে মোহাম্মদ আলী মহব্বত, ফজলুর রহমান, মিজানুর রহমান, খেলাফত, শিমুল, সোহেল রানা, মধু ওরফে মন্টু ও তোতাকে ভাড়া করেন। এ পরিকল্পনারই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি তাঁকে হত্যা করা হয়।
রফিকুল ঢাকা মহানগর বিএনপির ৫৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ও বঙ্গবাজারের ব্যবসায়ী ছিলেন। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি গত ৫ জানুয়ারি কুষ্টিয়া থেকে তাঁকে অপহরণের পর হত্যা করে।
ঘটনার সঙ্গে র্যাবের জড়িত থাকার অভিযোগ ওঠায় তারা এ ব্যাপারে তদন্ত শুরু করে। লিপির ওপর নজরদারি করে ও প্রযুক্তির সাহায্যে র্যাব নিশ্চিত হয়, রফিকুল হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর শাশুড়ি জড়িত। র্যাব ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে লিপি আক্তার, মোহাম্মদ আলী মহব্বত, ফজলুর রহমান ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। বাকি পাঁচজন পলাতক।
নিহত রফিকুলের হাতে র্যাব লেখা হাতকড়া থাকা সম্পর্কে র্যাব দাবি করে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ফজলুর রহমান পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করতেন। তিনি এক সময় র্যাব-৩-এ কর্মরত ছিলেন। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়।