রফিকুলকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন এক বেঞ্চ তাঁর (রফিকুল) করা এক রিটের শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে এ আদেশ দেন।
বিদেশ যেতে হয়রানি ও বাধা দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে ১৩ অক্টোবর রফিকুল ইসলাম মিয়া রিটটি করেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক হোসেন। সঙ্গে ছিলেন আবদুল্লা বাকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাইতাস হিল্লোল রেমা।
পরে ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, রফিকুল ইসলাম মিয়া কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। ২২ অক্টোবর চিকিৎসার জন্য তাঁর থাইল্যান্ডে যাওয়ার কথা। এর আগে তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছিল। এবার বাধা দেওয়া হতে পারে—এই আশঙ্কা থেকে রিটটি করা হয়েছিল।