রফিকুলকে ভাতার আওতায় আনার উদ্যোগ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামে আশ্রিত দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলামকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
গতকাল রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তাঁকে ভাতার আওতায় আনার পরামর্শ দেন।
খঞ্জনি ও মন্দিরা বাজিয়ে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রফিকুল ইসলাম (৪৫)। গত বুধবার রাতে তাঁর সেই বাদ্যযন্ত্র দুটি চুরি হয়ে যায়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে ‘অন্ধের যষ্টিও চোরে নিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনেক পাঠক রফিকুলের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা কর্মকর্তা (সংযুক্ত) আল আমিন জামালী জানান, তিনি ফেসবুকে খবরটি দেখে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের রফিকুলকে কীভাবে ভাতার আওতায় আনা যায় সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন।