রফিকুলকে 'ঠেকাতে' এককাট্টা আ.লীগ-বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দুজন। দুই স্বতন্ত্র প্রার্থীর একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক কমিটির ব্যানারে। নাগরিক কমিটির ওই প্রার্থীকে ঠেকাতে এককাট্টা আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।
স্থানীয় সূত্রমতে, দেশের অন্য জায়গার তুলনায় খাগড়াছড়ির চিত্র সম্পূর্ণ বিপরীত। এই নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চোখে পড়েনি। বরং তাঁরা এককাট্টা নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে দেখা যায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. শানে আলমকে। তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। ওই সময় মো. শানে আলম প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম জনগণের রায় মানবেন না বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান মেয়র, তাই এই পদবি এবং পরিবারের আধিপত্য কাজে লাগিয়ে জোর করে জিততে চান। তাঁর ক্যাডার বাহিনী খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার করে রেখেছে। এই ক্যাডার বাহিনী সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান বাধা।’
শানে আলম আরও বলেন, ‘প্রচারণার সময় আমার লোকজনকে হুমকি দিচ্ছেন রফিকুলের ক্যাডাররা। বিএনপির মেয়র প্রার্থীও বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা কেউ ভালো করে প্রচারণা চালাতে পারছি না। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।’
প্রায় একই সুরে কথা বললেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আবদুল মালেকও। গতকাল ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান বাধা স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম। আমরা রফিকুলের ক্যাডারদের হুমকি পাচ্ছি প্রতিনিয়ত। প্রচারে আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। গত রোববার আমার প্রচারণায় বাধা দিয়েছে তাঁর ক্যাডাররা। আমি নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছি।’
গতকাল পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কে গণসংযোগ করছিলেন রফিকুল আলম। এ সময় তিনি বলেন, ‘খাগড়াছড়ি শহরবাসী আমার ভরসা, আমার শক্তি। তাঁদের সমর্থন ও দোয়া নিয়ে আমি আবার নির্বাচন করছি। জয়ী হলে এই শহরকে আরও উন্নত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলব।’
আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর আনা অভিযোগ অস্বীকার করে রফিকুল আলম বলেন, ‘বড় দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পকেট ভারী করতে সব সময় ব্যস্ত থাকেন। তাঁরা খাগড়াছড়িবাসীকে কিছুই দিতে পারেননি। বরং আমি পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করার সময় শহরবাসীর উন্নয়নে কাজ করেছি। তাঁদের চাহিদা কী, সেটা বোঝার চেষ্টা করে প্রকল্প বাস্তবায়ন করেছি। আমার বিপুল জনসমর্থনই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসবে আমি ভয় করি না। শহরবাসী আমাকেই বেছে নেবেন। তবে সরকার-সমর্থকেরা ভোট চুরির চেষ্টা করতে পারে।’
নির্বাচনের আরেক স্বতন্ত্র প্রার্থী কিরন মারমাও জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোট সুষ্ঠু হবে বলে আশা করছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যাতে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটে।’
পৌর নির্বাচনের প্রচারণায় খাগড়াছড়িতে চার মেয়র পদপ্রার্থীকে বেশ সরব দেখা গেলেও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইসহাকের প্রচারণা চোখে পড়েনি। তবে শহরের কিছু মোড়ে তাঁর পোস্টার দেখা গেছে। গতকাল তাঁর অবস্থান জানতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর সাড়া মেলেনি।
খাগড়াছড়ি পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ৩৩ হাজার ৬১৯ জন।