রফিকুলসহ বিএনপির ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহসহ ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, মামলা দুটির অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল গতকাল। তবে রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জন আদালতে হাজির না থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। পরে তাঁদের মধ্যে সৈয়দা আশিফা আশরাফী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ ছাড়া অন্য যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, আজিজুল বারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শেখ শিবলী নোমানী।
আদালত সূত্রে জানা যায়, মিরপুর থানার পুলিশ তদন্ত শেষে এই দুই মামলায় চলতি বছরের ২৪ মার্চ রফিকুল ইসলাম মিয়া, মোসাদ্দেক আলী ফালু, আমানউল্লাহ, রুহুল কবির রিজভী, সামছুর রহমান শিমুল বিশ্বাস, সুলতান সালাউদ্দিনসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এই মামলায় মোসাদ্দেক আলীসহ ১৪ জন কারাগারে আটক আছেন। রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহসহ বাকি ২৮ জন জামিনে ছিলেন।