রফিকুলসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৫৮ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেন। একটিতে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটিতে পুলিশের কাজে বাধার অভিযোগ আনা হয়েছে।
জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার উপপরিদর্শক উজির আলী অভিযোগপত্র দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে রফিকুল ইসলাম মিয়াসহ ৫০ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় আটজন জামিনে আছেন।
আদালত সূত্র জানায়, অভিযোগপত্রে ৭৮ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ২ আগস্ট অভিযোগপত্র দুটি উপস্থাপন ও শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও বরকত উল্লা, দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যাত্রাবাড়ীর সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ, দলের ঢাকা মহানগরের সদস্যসচিব হাবিব-উন-নবী খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপিপন্থী শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, নবীউল্লাহ নবী, সাবেক কমিশনার কাইয়ুম ও আবদুল লতিফ, আতিকুল্লাহ, বাদল সরদার, আলমগীর, মোহাম্মদ জাহাঙ্গীর, জামালউদ্দিন, জাকির, মীর নেওয়াজ আলী।
অভিযোগপত্রে বলা হয়, ৫ জানুয়ারি খালেদা জিয়া দেশব্যাপী হরতালের ডাক দেন। এর ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বাধা দিতে গেলে আসামিরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও বিস্ফোরকদ্রব্য আইনে যাত্রাবাড়ী থানার পুলিশ মামলা করে।