রফিকুলের জন্য ভালোবাসা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

বাদ্যযন্ত্রের জন্য আর কাঁদতে হবে না নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামে আশ্রিত দৃষ্টিপ্রতিবন্ধী পথশিল্পী রফিকুল ইসলামকে। তিনি এখন মনের চোখে আশার আলো দেখছেন। তিনি এই আশার আলো খুঁজে পেয়েছেন প্রথম আলোর পাঠকদের ভালোবাসায়।
গতকাল শুক্রবার রাতে প্রথম আলো ডটকমে ‘অন্ধের যষ্টি চুরি’ ও আজ শনিবার প্রথম আলোয় ‘অন্ধের যষ্টিও চোরে নিল’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন পড়ে প্রথম আলোর পাঠকেরা দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুলের পাশে দাঁড়াতে চেয়েছেন। কেউ চেয়েছেন বাদ্যযন্ত্রের খরচ দিতে। কেউ আনুষঙ্গিক খরচ দিতে, কেউবা বাজার থেকে বাদ্যযন্ত্র কিনে দিতেও চেয়েছেন অন্ধ পথশিল্পী রফিকুলকে।

অন্ধের যষ্টিও চোরে নিল

ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান রফিকুল। কিন্তু গানবাজনার প্রতি প্রবল ঝোঁক থেকে শুনে শুনে তা আয়ত্তের চেষ্টা চালিয়ে যান তিনি। একপর্যায়ে জীবন-জীবিকার তাগিদে এ সুরকেই আশ্রয় করেন তিনি। খঞ্জন আর মন্দিরা বাজিয়ে হাটবাজারে গান করেন। ঘুরে ঘুরে মানুষকে গান শুনিয়ে যে কটা টাকা পেতেন, তা দিয়ে টেনেটুনে চলত স্বামী-স্ত্রীর সংসার। কিন্তু গত বুধবার রাতে তাঁর সেই খঞ্জন আর মন্দিরা চুরি হয়ে যায়। এখন আর গান শোনাতে পারছেন না রফিকুল। বন্ধ হয়ে গেছে তাঁর রোজগার। তাই বাদ্যযন্ত্র দুটির জন্য তিনি শুধু কাঁদছেন।

প্রতিবেদন প্রকাশের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন পাঠক প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন। তা ছাড়া ইতিমধ্যে একাধিক পাঠক বিকাশের মাধ্যমে কিছু টাকাও পাঠিয়েছেন। এর মধ্য থেকে আজ বিকেলে উপজেলার সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অন্ধ রফিকুলকে কিছু টাকা দেওয়া হয়েছে। সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ রফিকুলের হাতে এ টাকা তুলে দেন। এ সময় স্থানীয় হলিচাইল্ড কিন্ডারগার্টেনের পরিচালক ইলিয়াস কাঞ্চন, রফিকুলের স্ত্রী হাজেরা বেগম ও প্রথম আলোর কেন্দুয়া প্রতিনিধি শেখ কামাল উপস্থিত ছিলেন। বাদ্যযন্ত্র কেনার জন্য বাকি টাকাও শিগগিরই রফিকুলকে দেওয়া হবে বলে তাঁরা জানান।