রফিকুলের মনোনয়নপত্র জমা বিএনপির প্রার্থী মমিনুল হক
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নেতা-কর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী হিসেবে মমিনুল হক গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম এ নিয়ে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। চারটি নির্বাচনে তিনি তিনবার জয়ী হয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাঁর জয়ী হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
রফিকুল ইসলাম বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গতকাল হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।’
২০০৮ সালে রফিকুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি প্রার্থী মমিনুল হক এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। ওই নির্বাচনে মমিনুল হক ৩৩ হাজার ভোটের ব্যবধানে রফিকুল ইসলামের কাছে পরাজিত হন। পরে মমিনুল হক জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। সরকারবিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে শতাধিক মামলা করা হয়। এসব মামলার বাদী পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীরা। মামলা-হামলায় নেতা-কর্মীদের পাশে থাকায় মমিনুল হক চাঁদপুর-৫ আসনে বিএনপির অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান জানান, ‘আমরা গুলশান কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেছি। এ আসনে মমিনুল হক বিএনপির একমাত্র প্রার্থী।’