খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় খাগড়াছড়ির নারিকেল বাগানে জেলা আওয়ামী লীগের ব্যানারে মেয়রের অনুসারীরা সমাবেশ করেন। এ নিয়ে শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সমাবেশে বক্তারা খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ৬ আগস্টের মধ্যে প্রত্যাহার করা না হলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীদের সব কর্মসূচি প্রতিহত করার ঘোষণাও দেওয়া হয়।
গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়াকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা করেন। মামলায় পৌর মেয়র রফিকুল আলমসহ ১২ জন এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয় বলে জানান খাগড়াছড়ি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।