রবার্ট ব্লেক আজ আসছেন গুরুত্ব পাবে ইউনূস প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক চার দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এ মন্ত্রী বাংলাদেশ থেকে বহির্গমন প্রক্রিয়া ও মানব পাচার রোধে এ দেশের সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে আগামী সোমবার বেনাপোল সীমান্তে যাবেন। রবার্ট ব্লেক আজ দুপুরে বেইজিং থেকে ঢাকায় পৌঁছাবেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে চীন থেকে বাংলাদেশে আসছেন তিনি। আগামী ২৩ মার্চ ব্লেক ঢাকা থেকে যাবেন কাজাখস্তানের রাজধানী আস্তানায়। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, রবার্ট ব্লেকের সফরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পাবে। বিধির যুক্তিতে শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নানাভাবে তাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও বেশ কয়েকজন কংগ্রেস সদস্য ইউনূসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সফরের প্রথম দিনে ব্লেক আজ বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করবেন। কাল রোববার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে ব্লেক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁর সম্মানে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। সোমবার তিনি যশোর যাবেন। সেদিন সন্ধ্যায় ঢাকা ফিরে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ২২ মার্চ ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত আঞ্চলিক কর্মকৌশলবিষয়ক উদ্যোগের (আরএসআই) এক সংলাপে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে আরএসআইয়ের এ সংলাপে দক্ষিণ ও মধ্য এশিয়ার ছয়টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরা যোগ দেবেন। এ সংলাপ গত জানুয়ারিতেই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। ২০০৯ সালের মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে যোগ দেওয়ার পর বাংলাদেশে রবার্ট ও ব্লেকের এটি দ্বিতীয় সফর। এর আগে তিনি ঢাকায় এসেছিলেন ওই পদে যোগ দেওয়ার পরের মাসেই।