রবার্ট ব্লেকের মন্তব্যের নিন্দা করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসকে উপলক্ষ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় ব্যাংকের বিধি লঙ্ঘন করে প্রায় ১০ বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত ছিলেন—উচ্চতর আদালতে এটি বিচারাধীন থাকার পরও বাংলাদেশ সফরকারী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যে মন্তব্য করেন, তা শুধু অবাঞ্ছিত বা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, একই সঙ্গে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থা এবং বাংলাদেশের সার্বভৌম সত্তার প্রতি উপহাসের শামিল বলে আমরা মনে করি। আমরা একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের অযাচিত হস্তক্ষেপ ও চাপ প্রয়োগের তীব্র নিন্দা করছি।’বিবৃতিতে বলা হয়, ‘পৃথিবীর কোনো দেশে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। উচ্চতর আদালত যদি মনে করেন, ড. ইউনূসের অপসারণ অবৈধ, তাহলে নিশ্চয়ই তিনি সসম্মানে তাঁর পদে বহাল থাকবেন। একটি দেশের আদালতে বিচারাধীন একটি বিষয় সম্পর্কে অন্য দেশের কোনো সরকারি প্রতিনিধি কোনো মন্তব্য করতে পারেন না। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যা আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে একের পর এক ন্যক্কারজনক সব কাজ করছে। কিছুদিন আগে আরেক মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এসে বলে গেছেন যুদ্ধাপরাধের দায়ে কয়েকজন ব্যক্তির বিচার করা যেতে পারে কিন্তু কোনো সংগঠনের বিচার করা যাবে না। এ কথা বলে মার্কিন বিশেষ দূত প্রমাণ করেছেন, একাত্তরে আমেরিকার সরকার ও প্রশাসন যেভাবে গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিল, এখনো তা-ই আছে। একাত্তরে আমরা প্রবল পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে যেভাবে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলাম, যুদ্ধাপরাধীদের বিচার যথাযথভাবে সম্পন্ন করে আমাদের প্রমাণ করতে হবে স্বাধীনতা, সার্বভৌম মর্যাদা রক্ষার ক্ষেত্রেও আমরা একাত্তরের মতো দৃঢ়প্রতিজ্ঞ।’