রবি-এয়ারটেলের একীভূত হওয়ার গণশুনানি অনুষ্ঠিত
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশের একীভূত (মার্জার) হওয়ার বিষয়ে আজ বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সভাপতিত্বে এ গণশুনানিতে অংশ নেন মুঠোফোন অপারেটরদের প্রতিনিধি, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গ্রাহক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান, শিক্ষক-ছাত্র, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি। গণশুনানির জন্য বিটিআরসির গঠিত কমিটির সদস্য ছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
বিটিআরসি সূত্রে জানা গেছে, গণশুনানিতে অংশ নিতে মোট আবেদন জমা পড়ে ২৮০টি। এর মধ্যে যাচাই-বাছাই করে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় ১৭৯ জনকে।
গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা ভোক্তা স্বার্থ সংরক্ষণ, রবি-এয়ারটেল কর্মীদের চাকরির নিশ্চয়তা, সুষ্ঠু তরঙ্গ ব্যবস্থাপনা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন ‘বাইরের দেশে মার্জার একটি নিয়মিত বিষয় হলেও আমাদের দেশে বিষয়টি তেমন নয়। আর টেলিযোগাযোগ খাতে এমন মার্জার প্রথম হওয়ায় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই সব পক্ষের মতামত নিয়ে আমরা এগোতে চাই।’