রবি ও এয়ারটেল একীভূত হতে আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ এক হওয়ার উদ্যোগ নিয়েছে। তবে একটির সঙ্গে আরেকটি একীভূত হবে, নাকি একটি অপরটিকে অধিগ্রহণ (একুইজিশন) করবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। দুই প্রতিষ্ঠানের মূল মালিকেরা আলোচনা করে পরবর্তী সময়ে এটি ঠিক করবেন। আপাতত উভয় প্রতিষ্ঠান মিলে এক হওয়ার লক্ষ্য নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে।
যদি এ আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়, তাহলে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে তৃতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা ও চতুর্থ অবস্থানে থাকা এয়ারটেল মিলে দ্বিতীয় অবস্থানটি দখল করবে। উভয় প্রতিষ্ঠানই গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এ-বিষয়ক আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে।
যৌথ বিবৃতিতে রবি ও এয়ারটেল বলেছে, ‘দুই পক্ষের এ আলোচনা সফল হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। এ ঘোষণা উভয় প্রতিষ্ঠানের পর্যালোচনার উদ্যোগকে সহায়তা ও পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদানের আলোচনার পথকে সহজ করবে। এ বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি হলে আজিয়াটা ও ভারতী এয়ারটেল পরবর্তীতে ঘোষণা দেবে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রবির গ্রাহকসংখ্যা ২ কোটি ৭৯ লাখ আর এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৯০ লাখ ৮০ হাজার। দুটি কোম্পানি এক হলে ৩ কোটি ৭০ লাখ গ্রাহক নিয়ে এটিই হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। বর্তমানে ৫ কোটি ৩৯ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশে শীর্ষে রয়েছে গ্রামীণফোন আর ৩ কোটি ২৪ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলালিংক।
রবি আজিয়াটা মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডোকামোর যৌথ উদ্যোগ। এখানে আজিয়াটার শেয়ারের পরিমাণ ৯২ শতাংশ আর এনটিটি ডোকোমোর শেয়ার ৮ শতাংশ।
১৯৯৭ সালে একটেল নামে বাংলাদেশে যাত্রা শুরু করে রবি। বাংলাদেশের শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপ ও টেলিকম মালয়েশিয়ার যৌথ অংশীদারি কোম্পানি ছিল একটেল। ২০০৯ সালে এ কে খান গ্রুপ ও টেলিকম মালয়েশিয়া আজিয়াটার কাছে রবির মালিকানা বিক্রি করে দেয়। ২০১০ সালের ২৮ মার্চ ‘রবি’ নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে তারা।
রবির পরিশোধিত মূলধনের (পেইড-আপ ক্যাপিটাল) পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ৬০০ জনের বেশি। এখন পর্যন্ত বাংলাদেশে ১ হাজার ৫৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি।
ভারতী এয়ারটেল ২০১০ সালে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ কিনে নিয়ে এয়ারটেল বাংলাদেশ নামে ব্যবসা শুরু করে। ২০১৩ সালে বাকি ৩০ শতাংশ কিনে নেয় ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের ২১টির দেশে ৩০ কোটির বেশি গ্রাহক নিয়ে বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম মুঠোফোন অপারেটর। এখানে মোট কর্মরত জনবলের সংখ্যা ২৫ হাজারের বেশি। আর এয়ারটেল বাংলাদেশে কর্মরত জনবলের সংখ্যা ৫০০-এর বেশি।
এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশান্ত দাস শর্মা প্রথম আলোকে বলেন, দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমে একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রবির ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ইকরাম কবীর বলেন, একীভূত না অধিগ্রহণ হবে, এটা এখনই বলা যাবে না। এ বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য আরও অপেক্ষা করতে হবে।