রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল

৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রাম নগরে শুরু হয়েছে ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৮’ প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রতিযোগিতায় চট্টগ্রামের ৪২টি বিদ্যালয়, দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি কলেজ অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষ হবে ২২ সেপ্টেম্বর। আয়োজকেরা বলছেন, এটিই দেশের বৃহত্তম বিতর্ক প্রতিযোগিতা।

উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সড়ক আন্দোলনকে সবাই সহজভাবে নিয়েছিল। কেউ প্রতিবাদ করেনি। ফলে অনেক জেব্রা ক্রসিং করা হয়েছে। যার কৃতিত্ব শিক্ষার্থীদের। সমাজের অসংগতি দূর করার জন্য ইতিবাচক বিতর্ক করতে হবে।

রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, জ্ঞানের কোনো শেষ নেই। যতক্ষণ কোনো বিষয় নিয়ে তর্ক হবে না, ততক্ষণ কোনো সিদ্ধান্ত আসবে না। বিভিন্ন মানুষের সঙ্গে মিশলে চিন্তার পরিবর্তন আসবে, উদ্ভাবনী ক্ষমতা বাড়বে। এ জন্য বিতর্কের বিকল্প নেই।

নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা আবদুন নূর তুষার বলেন, বিতার্কিকেরা কল্পনাপ্রবণ, সৃষ্টিশীল, সাহসী, চিন্তাশীল মানুষ। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। শত্রুকে বন্ধুতে পরিণত করতে হবে, তাহলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, ‘এই প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী, দক্ষ ও যুক্তিনির্ভর। যদি আমরা চট্টগ্রামকে নিয়ে কিছু করি সেটা হবে বাংলাদেশের অর্জন। চট্টগ্রামে যেভাবে বিলবোর্ড মুক্ত করা হলো, দেশের সব শহরে যদি এটা অনুসরণ করা হয়, তাহলে আমরা সুন্দর বাংলাদেশ পাব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফ চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত।