রবি মৌসুমে সার বিক্রি বন্ধ রাখার ঘোষণা
মন্ত্রীর নির্দেশের পরও নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিসিআইসির ডিলারদের যথেচ্ছভাবে খোলা বাজারে সার বিক্রি বন্ধ না হওয়ায় খুচরা বিক্রেতারা আসন্ন রবি মৌসুমে সার বিক্রি বন্ধ রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের খুচরা সার বিক্রেতা সমিতির কার্যালয়ে গত রোববার অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। বক্তব্য দেন আবদুস সালাম মোল্লা, এমদাদুল হক সরকার, হাফিজুর রহমান, আজাদ প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, উপজেলার ৬৩ জন খুচরা বিক্রেতা বিসিআইসি মনোনীত ডিলারদের কাছ থেকে সার কিনে খুচরা বিক্রি করে থাকেন। কিন্তু ডিলাররা তাঁদের ইচ্ছামতো দামে সার পাইকারি বিক্রি করেন এবং চাহিদামতো সরবরাহ করছেন না। উপরন্তু ডিলাররা যথেচ্ছভাবে খোলা বাজারে সার বিক্রি করায় তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর এ নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে খুচরা সার বিক্রেতাদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী সাত দিনের মধ্যে ডিলারদের বাজারে যথেচ্ছভাবে সার বিক্রি বন্ধ করে খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিক্রির নির্দেশ দেন। কিন্তু তা এখনো বাস্তবে রূপ পায়নি।জেলা ফার্টিলাইজার সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুরুদাসপুর উপজেলা সমিতির আহ্বায়ক বিসিআইসির ডিলার সামছুল হক শেখ বলেন, ‘খুচরা সার বিক্রেতাদের অভিযোগ সঠিক নয়। আমরা সরকারের নীতিমালা অনুসরণ করেই সার উত্তোলন ও বিক্রি করছি।’গুরুদাসপুর উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এন এম মঈনুল ইসলাম বলেন, ‘জেলা থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবেই তা বাস্তবায়ন করছি। কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না।’